ছবি: ফাইল ছবি।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ মাস ২০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে। এবং বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়াল।
মঙ্গলবার (৯ জুন) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
মৃত ওই শিশুর নাম ওয়াজিহা। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার মিজান আলীর মেয়ে। সে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
এছাড়া একই সময়ে হামের সন্দেহভাজন আরও ৪৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ২৫৯ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে। সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া




