ছবি: সংগৃহিত।
অটোরিকশা আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় নিমসার বাজারের এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আহত হন এবং হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ।
আহতরা হলেন- ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার কনস্টেবল রাব্বি ও ইউসুফ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক ব্যক্তির নাম ইউসুফ; তিনি নিমসার বাজারের একটি দোকানের কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন । তিনি বলেন, ‘নিমসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিমসার কলেজ গেট সংলগ্ন স্থানে উল্টোপথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখে হাইওয়ে পুলিশের একটি দল সেটি থামিয়ে চালককে আটক করে। এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তখন হাইওয়ে পুলিশের দুই সদস্য এবং আটক অটোরিকশার চালক আহত হন।’
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া




