আগামী ১৭ জুন মৌলভীবাজার সফরে এসে তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

মঙ্গলবার (০৯ জুন) মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে বিএনপির নেতারা ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আব্দুল মুকিতসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করা হচ্ছে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। পরে দুপুরে রাজনগর উপজেলা চত্বর এবং রাজনগর ডিগ্রি কলেজ মাঠ ঘুরে দেখা হয়।

তিনি বলেন, “আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী মৌলভীবাজারের রাজনগর উপজেলা ও শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। সেই লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ভেন্যু নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনের পর নিরাপত্তা ও অন্যান্য বিষয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে আগামী কয়েক দিনের মধ্যে প্রস্তুতি কার্যক্রম আরও জোরদার হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১৩