সোমবার (২১ ফেব্রুয়ারি) ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বাররা। তাদের আত্মত্যাগের বিনিময়েই প্রতিষ্ঠিত হয় মায়ের ভাষায় কথা বলার অধিকার। আর এই ভাষা শহীদদের প্রতি সবসময়ই বিশেষ শ্রদ্ধাশীল দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা।
এ বছর ভাষা দিবসে (গতকাল) ভারতের কলকাতায় চলছিল এই অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র শুটিং। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করছিলেন তিনি। এ দিনের শুটিং শেষে ইউনিটের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করতে ছোট্ট একটি আয়োজন করা হয়। বাজানো হয় একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।
ভিন দেশের মাটিতে হঠাৎ নিজ দেশের ভাষা শহীদদের স্মরণে তৈরি গানটি শুনে নিজেকে ধরে রাখতে পারেননি মিথিলা। গানটি চলাকালীন অঝোরে কাঁদতে থাকেন তিনি। এসময় তাকে বুকে টেনে নেন সহকর্মীরা। মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেন। যে দৃশ্যের একটি ভিডিও এরইমধ্যে সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে। যেখানে ঝরছে মিথিলার জন্য সবার অকুণ্ঠ ভালোবাসা।
ভিডিওতে দেখা যায়, মিথিলাসহ সেটের সবাই গোল হয়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। সঙ্গে বাজছে একুলের কালজয়ী গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। গানটি শুনতে শুনতে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের অভিনেত্রী।
উল্লেখ্য, ‘মন্টু পাইলট’ নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজে মিথিলার বিপরীতে আছেন সৌরভ দাস। গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাট থেকে শুরু হয় সিরিজটির শুটিং।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.