উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন শেষে দীর্ঘ ৩৬ দিন পর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়। যদিও গত ১৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।
সশরীরে ক্লাস শুরু বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে সরকারি কোন বিধিনিষেধ না থাকায় আজ থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে। সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত থাকার আহবান জানান তিনি।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সম্মুখে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক পরিস্থিতি ও জরুরী অবস্থার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় শাবিপ্রবি। পাশপাশি পরেরদিন দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল।
তবে শিক্ষার্থীরা প্রশাসনের অনির্দিষ্টকালের বন্ধ প্রত্যাহার ও হল ত্যাগ না করে আন্দোলনে নামেন তারা। টানা ২৬দিন আন্দোলনের পর দাবি মেনে নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসে ১২ ফেব্রুয়ারি রাতে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-২৯
আইটি ল্যাব সলিউশন্স লি.