প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১৭:১৫ (শনিবার)
রাজনগরে চেয়ারম্যানদের আইনশৃঙ্খলা সভা বর্জন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা বর্জন করেছেন উপজেলার সকল জন প্রতিনিধি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে তাদের দেয়া অভিযোগের সুরাহা না করায় তারা আইনর্শঙ্খলার সভা বর্জন করেন।

এছাড়াও এ বিষয়টি নিয়ে আবারো ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (মহিলা ভাইস চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান ও ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবারে লিখিত আবেদন দিয়েছেন।

এর আগে গত ১৩ জানুয়ারি ওসির বিরোদ্ধে একই অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ দিয়েছিলেন তারা।

লিখিত আবেদন ও চেয়ারম্যানদের সাথে কথা বলে জানা যায়, বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় সম্মান প্রদর্শন (স্যালুট) করার নিয়ম থাকলেও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা করেননি।

এ ঘটনা চেয়ারম্যানদের নজরে এলে গত ১৩ জানুয়ারির আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করে ক্ষোভ প্রকাশ করেন। পরে ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে জাতীয় পতাকা অবমাননাসহ বিভিন্ন অনিয়মের সংশ্লিষ্টতার অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যান ও ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যান লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের সুরাহা না হওয়ায় তারা আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জনের সিদ্ধান্ত নেন।

এ কারণে গত বৃহস্পতিবার উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় কোনো জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন না। ওইদিন তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে আইনশৃঙ্খলা সভা বর্জনের বিষয়টি লিখিতভাবে জানান।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী বলেন, আমরা ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলাম। যা এখনো নিষ্পত্তি হয়নি। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত তার সাথে আমরা আইনশৃঙ্খলা সভায় বসতে পারিনা। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরে আমরা অভিযোগ দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, আমার মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে একটি আবেদন চেয়ারম্যানরা জমা দিয়েছেন। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি মুঠোফোনে জানিয়েছি। আবেদনটি শীঘ্রই পাঠিয়ে দেয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/এআরএস/এসডি-৩১