প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৪০ (শনিবার)
লিটন-মিরাজরা বুঝতে পারছেন, ‘এখনই সময় দলকে কিছু দেওয়ার’

বুধবার প্রথম ম্যাচে দলকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর সংবাদ সম্মেলনে আফিফ হোসেন ধ্রুব বলেছিলেন, খেলার মধ্যে সিনিয়র-জুনিয়র বলতে কিছু নেই। সবারই দায়িত্ব আছে দলের প্রতি। সেই একই কথা শোনা গিয়েছিল, দ্বিতীয় ম্যাচ শেষের পর সংবাদ সম্মেলনে। সেঞ্চুরিয়ান লিটন দাসও জানিয়েছিলেন, খেলতে খেলতে অভিজ্ঞ হচ্ছেন তারা।

এবার সিরিজ শেষ হওয়ার আগে আরেক তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের কণ্ঠেও শোনা গেলো একই কথা। মিরাজ জানালেন, তারা সমসাময়িক ক্রিকেটাররা জাতীয় দলে খেলার প্রায় ৫-৬ বছর হয়ে গেছে। তাই তাদের এখন সময় এসেছে দলকে কিছু দেওয়ার। সে চেষ্টায় সিনিয়রদের সহায়তা সবসময়ই পান মিরাজরা।

রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অভিজ্ঞতা বাড়ার কথা জানিয়ে মিরাজ বলেন, ‘দেখুন আমি, লিটন, মোস্তাফিজ এরই মধ্যে ৫-৬ বছর খেলে ফেলেছি। আমাদের কিছু অভিজ্ঞতা তো হয়েছে। চেষ্টা করবো যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেলার জন্য।’

তিনি আরও বলেন, ‘সিনিয়ররা আমাদের ব্যাকআপ করে, কথা বলে। উনারা চায় আমরা যেন পারফরম করি। তাহলে ওনাদের কাজ সহজ হয়। আমরা জুনিয়ররা পারফরম করলে দলের রেজাল্টের ব্যাপারটা ভালো হয়। তারা সবসময়ই ভালো খেলেছেন, ভালো করবেন। তো আমরাও যদি তাদের সঙ্গে ভালো খেলতে পারি তাহলে দলের জন্য ভালো হবে।’

সিরিজের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ছিলেন মিরাজই। বল হাতে ১০ ওভারে দুই মেইডেনসহ মাত্র ২৮ রান খরচের পর ব্যাট হাতে ক্যারিয়ার সর্বোচ্চ ৮১ রান করেন এ লোয়ার মিডল অর্ডার ব্যাটার। মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর দলকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার বিশ্বাসটা সিনিয়রদের থেকেই পাওয়া জানালেন মিরাজ।

তার ভাষ্য, ‘আমরা তাদেরকে দেখেই শিখি। যারা অভিজ্ঞ আছেন তারা বাংলাদেশকে অনেক অর্জন এনে দিয়েছেন। আজ বাংলাদেশের যে অবস্থান আছে এটাতে অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হবে, তারা যেভাবে বাংলাদেশকে একধাপ ওপরে নিয়েছেন। আমরা তাদের দেখেই শিখি। যতটা তাদের দেখে শিখবো সেটা আমাদের ক্যারিয়ারের জন্যই ভালো।

‘তারা অনেক ম্যাচ জিতিয়েছেন। তখন চিন্তা করতাম আমরাও যদি সুযোগ পাই তাহলে চেষ্টা করবো ম্যাচ জেতাতে। তো ওই আত্মবিশ্বাস ছিল মাঠের মধ্যে। আমাদের যখন ৫০ হয়ে গেলো, তখন নিজেদের বলছিলাম যে আমরা যদি ম্যাচ না জিতি তবে এই ৫০-এর কোনো দাম থাকবে না। যদি জিতে যাই তবে এটা আমাদের জন্য ভালো একটা অর্জন হবে।’

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩