প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫১ (মঙ্গলবার)
২৫৯ দিন পর মাঠে ফিরলেন সেই এরিকসেন

ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের খেলা চলাকালে মাঠে হঠাৎ হার্ট অ্যাটাকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন ডেনিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। প্রাণ হারানোর শঙ্কাও তৈরি হয়েছিল। তবে সতীর্থদের চেষ্টায় সে যাত্রাই বেঁচে যান তিনি। এরপর দীর্ঘদিন ছিলেন বিশ্রামে। অবশেষে ২৫৯ দিন পর মাঠে ফিরলেন এরিকসেন।

ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর স্বাভাবিক জীবনে ফিরতে একমাসেরও বেশি সময় লেগেছে। পরে ক্রমান্বয়ে সুস্থ হতে থাকেন তিনি। তবে স্বাভাবিক জীবনে ফিরলেন মাঠে খেলার জন্য ফিট ছিলেন না এই ডেনিশ তারকা ফুটবলার। তাই আবারও মাঠে নতুন উদ্যমে ফিরতে পরিশ্রম চালিয়ে চান তিনি। অবশেষে সফলও হলেন।

সবশেষ ইতালিয়ান জায়ান্ট ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলেছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। তবে হৃদযন্ত্রে কৃত্রিম যন্ত্র ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) বসে যাওয়ায় ইতালির লিগে আর ফেরা হয়নি। চুক্তিও বাতিল হয়ে যায়। এরপর কিছুদিন ফিলেন ফ্রি এজেন্ট হিসেবে। তবে বেশিদিন বসে থাকতে হয়নি। যোগ দেন ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে।

গত শনিবার রাতে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে মাঠে নামে ব্রেন্টফোর্ড। এদিন শুরুর একাদশে না থাকলেও ম্যাচের ৫২তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে দেখা যায় এরিকসেনকে। ম্যাচটি শেষ হওয়া পর্যন্ত মাঠেই ছিলেন তিনি।

তবে এরিকসেনের ফেরার ম্যাচে জয় পায়নি ব্রেন্টফোর্ড। ম্যাচটি ড্রও করা হয়নি। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটিতে ২-০ গোল ব্যবধানে হেরেছে এই ডেনিশ তারকা ফুটবলারের ক্লাব। এদিন নিউক্যাসলের হয়ে একটি করে গোল করেন জোলিংটন এবং জো উইলক।

এই হারের মাধ্যমে নিউক্যাসলের পেছনে পড়ে রইল ব্রেন্টফোর্ড। ২৭ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ১৫ নম্বরে। এদিকে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট টেবিলের ১৪তম নম্বরে অবস্থান নিউক্যাসলের। আর ২৭ ম্যাচে সর্বোচ্চ ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। ২৬ ম্যাচে ৬০ পয়েন্টে দুইয়ে রয়েছে লিভারপুল।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৫