প্রকাশিত: ০১ মার্চ, ২০২২ ২০:০০ (শনিবার)
প্রধান যে লক্ষ্যের কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলনস্কি জানিয়েছেন, রাজধানী কিয়েভের দখল নিজেদের অধীনে রাখাই এখন দেশটির প্রধান লক্ষ্য।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক বার্তায় জেলনস্কি বলেন, বর্তমানে খারকিভ ও কিয়েভ রাশিয়ার প্রধান লক্ষ্যবস্তু।

আমাদের ভাঙার জন্য। আমাদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য তারা এখন কিয়েভ ও খারকিভের দিকে আগাচ্ছে।

আর তাই আজ রাজধানী কিয়েভকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।

জেলনস্কি আরও বলেন, কিয়েভ হলো বিশেষ শহর। যদি আমরা কিয়েভকে রক্ষা করি আমরা রাষ্ট্রকেও রক্ষা করতে পারব। এটি আমাদের দেশের হৃদযন্ত্র। আর এটিকে সচল রাখতে হবে। এটি সচল থাকবেও। এভাবে জীবন জয় পাবে।

তাছাড়া খারকিভের সেন্ট্রাল স্কয়ারে চালানো রাশিয়ার বোমা হামলাকে জঙ্গি হামলা বলেও উল্লেখ করেন জেলনস্কি।

এ ব্যাপারে জেলনস্কি বলেন, এটি শহরের বিরুদ্ধে জঙ্গি হামলা। এটি খারকিভের বিরুদ্ধে জঙ্গি হামলা। ইউক্রেনের বিরুদ্ধে জঙ্গি হামলা। সেন্ট্রাল স্কয়ারে কোনো সেনাদের লক্ষ্য করে কোনো হামলা ছিল না।

জেলনস্কি বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন, খারকিভে বোমা হামলার জন্য রাশিয়াকে যেন বিচারের সম্মুখীন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৬