ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার দায়ে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা বেইজিং শীতকালীন প্যারালিম্পিকসে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির (আইপিসি) সভাপতি অ্যান্ড্রু পার্সনস।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এর আগে গতকাল বুধবার আইপিসি জানিয়েছিল, নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন দেশ দুটির অ্যাথলেটরা। তবে তারা জাতীয় পতাকা এবং লোগো ব্যবহার করতে পারবেন না। তবে বিতর্কের মুখে একদিন পর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হল আইপিসি।
আইপিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, প্যারালিম্পিকসের অ্যাথলেট ভিলেজের পরিস্থিতি ‘অগ্রহণযোগ্য’ হয়ে উঠেছে। সংস্থার সভাপতি অ্যান্ড্রু পার্সনস জানিয়েছেন, অনেক অংশগ্রহণকারী রুশ এবং বেলারুশের অ্যাথলেটদের বিরুদ্ধে খেলতে চাইছেন না। যা প্রতিযোগিতার ভাবমূর্তি নষ্ট করবে। তাই সিদ্ধান্ত বদলানো হয়েছে।
অ্যান্ড্রু পার্সনস আরও জানিয়েছেন, আইনি বাধ্যবাধকতার কারণে তার সংস্থা সরাসরি ইউক্রেনের পাশে দাঁড়াতে পারছে না। তবে ইউক্রেনে যুদ্ধ বিধ্বস্তদের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার পর্দা উঠবে ২০২২ বেইজিং প্যারালিম্পিকের। এরপর শনিবার থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা। এবারের আসরে রাশিয়া থেকে ৭১ জন এবং বেলারুশ থেকে ১২ জন অ্যাথলেট অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক হামলার পর তাদের সমর্থনে বেলারুশও যোগ দেয়। তাই দুই দেশকেই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/ বিডি-প্রতিদিন/ শাদিআচৌ-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.