বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কর্তব্যরত আবদুর রহমান নামে জুনিয়র এক টিটিইকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য আজিজুল ইসলাম (২৪) ও সেনাসদস্য নাঈম হোসেনকে (২৪) প্রত্যাহার করা হয়েছে। আজিজুল নওগাঁর আত্রাইয়ের শাহাগোলা গ্রামের বাবুল হাসানের ছেলে ও নাঈম একই গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।
শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে সান্তাহার জংশনের পার্শ্ববর্তী আক্কেলপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী টিটিই আব্দুর রহমান জানান, পঞ্চগড়-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্তনগর ট্রেনে দিনাজপুরের ফুলবাড়ি থেকে নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে যাচ্ছিলেন দুই পুলিশ ও সেনাসদস্য। ট্রেনটি জয়পুরহাটের আক্কেলপুর এলাকায় পৌঁছলে ওই ট্রেনে দায়িত্বরত টিটিই (আবদুর রহমান) তাঁদের টিকিট দেখতে চান। তাঁরা টিকিট দেখাতে না পারায় জরিমানাসহ তাঁদের কাছে টিকিটের মূল্য দিতে বলা হয়। এ সময় জরিমানার কথা শুনে সেনাসদস্য নাঈম হোসেন ওই টিটিইর শার্টের কলার চেপে ধরেন এবং পুলিশ সদস্য আজিজুল ইসলাম কিলঘুষি মারতে শুরু করেন। টিটিইকে মারপিট ও লাঞ্ছিতের খবর পেয়ে ট্রেনে দায়িত্বরত রেল পুলিশ তাঁদের আটক করে বৃহস্পতিবার বিকেলে সান্তাহার রেলওয়ে থানায় নেন। স্টেশন মাস্টারের কক্ষে এক বৈঠক হয়। এরপর দুই পুলিশ ও সেনাসদস্যের ছুটি বাতিল করে তাঁদের প্রত্যাহার করে নেওয়া হয়।
তিনি আরো জানান, পুলিশ ও সেনাসদস্য দুজনের বাড়িই নওগাঁর আত্রাইয়ের শাহাগোলা গ্রামে। পুলিশ সদস্য বগুড়া পুলিশ লাইনসে এবং সেনাসদস্য ঢাকা কান্টনমেন্টে দায়িত্বরত। দুজনেই প্রশাসনে চাকরি করেন বিষয়টি ট্রেনে আমাকে তাঁরা পরিচয় দেননি। এমন ঘটনায় আমি হতভম্ব ও আশ্চর্য হয়েছি।
এদিকে সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, ট্রেনে কর্তব্যরত টিটিইকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় বগুড়া পুলিশ সুপারের নির্দেশে 'অভিযুক্ত পুলিশ সদস্যের ছুটি বাতিল করে সান্তাহার রেলওয়ে থানা থেকে বগুড়া পুলিশ লাইনসে’ এবং ঢাকা ক্যান্টনমেন্ট কম্পানি কমান্ডার মেজরের নির্দেশে 'অভিযুক্ত সেনাসদস্যের ছুটি বাতিল করে বগুড়া ক্যান্টনমেন্ট এর করপোরালের কাছে হস্তান্তর বা সংযুক্ত' করা হয়েছে। অর্থাৎ দুজনকেই প্রাথমিকভাবে ক্লোজড করে নেওয়া হয়। সেই সঙ্গে তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান।
জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত পুলিশ ও সেনাসদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্ব-স্ব দপ্তরে তাদের নিয়ে যাওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩০
আইটি ল্যাব সলিউশন্স লি.