অসম-ত্রিপুরা সীমান্তবর্তী কাঠালতলির জামিয়া ইসলামিয়া তাহিরিয়া বানাত মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান তথা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন বেলা ২টায় পবিত্র কোরান পাঠের মাধ্যমে দ্বীনি জলসার সূচনা হয়। রাত নয়টা নাগাদ শেষ মোনাজাতের মাধ্যমে বার্ষিক জলসার সমাপ্তি ঘটে।
এবারের এই জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আল-জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীর প্রধান মাওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরী।
তিনি মুসলমান ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি গোটা মুসলমান জাতিকে কোরানের নির্দেশনা মেনে পথচলার এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায়ের আহ্বান জানান।
বালিকা মাদ্রাসার মুহতামিম ও আল-হিলাল পত্রিকার সম্পাদক মাওলানা আবু নসর আব্দুর রউফের সভাপতিত্বে আয়োজিত জলসায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু মোহাম্মদ জাকির হুসাইন, ক্বারি মুজাম্মিল আলী, মাওলানা সাহাব উদ্দিন, ত্রিপুরার মাওলানা এনাম উদ্দিনসহ আরও বিশিষ্টজনেরা।
জলসার মূল পর্বে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, মওলানা মুফতি আব্দুস সহিদ, মাওলানা মতিউর রহমান চৌধুরী, হাফিজ সায়ীদ আতহার, সাকাফাতুল মাদ্রাসার মুহতামিম মাওলানা রিয়াজ উদ্দিন, হাফিজ মাওলানা নুরুজ্জামান, সাংবাদিক মুজির উদ্দিন সহ অন্যান্যরা।
আকর্ষণীয় কোরান তেলাওয়াত করে জলসায় উপস্থিত জনসাধারণের ধন্যবাদ কুড়ান ক্বারি হবিবুল ওয়ারিস।
সিলেটভিউ২৪ডটকম/ আমীর/ শাদিআচৌ-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.