প্রকাশিত: ০৭ মার্চ, ২০২২ ১৯:৫৩ (বুধবার)
সিলেটে শিশু ধর্ষণ, ‘ধর্ষক’ গ্রেফতার

সিলেট নগরীর রায়নগরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মিলন মিয়া (২০) সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাজেরগাঁও-এর আবু তাহেরের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

পুলিশ জানায়, নগরীর রায়নগর দর্জিবন এলাকার একটি কলোনির ৪ বছরের শিশুকে একই কলোনির বাসিন্দা মিলন মিয়া রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি ঘরে এসে তার মা-বাবাকে বিষয়টি খুলে বলে। এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে সোমবার (৭ মার্চ) বিকেলে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর কোতোয়ালি থানাপুলিশ বিকেল ৪টায় অভিযান চালিয়ে নগরীর শিবগঞ্জ বাজার থেকে মিলনকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াসিন সিলেটভিউ-কে বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত পদক্ষেপ নেই এবং অভিযুক্তকে গ্রেফতার করি। আসামিকে আগামীকাল (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হবে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।


সিলেটভিউ২৪ডটকম / মোজাম্মেল / ডালিম