সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সোমবার সকাল সাড়ে নয়টায় র্যালিশেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন।
ঐতিহাসিক দিবসটির শুরুতে র্যালির নেতৃত্ব দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। র্যালিটি ক্যাম্পাসের মূল সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এম. এম. মাহবুব আলমের সঞ্চালনায় পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ, প্রক্টর কার্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ সিকৃবি শাখা, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, সিকৃবি সাংবাদিক সমিতি, ওয়ান বাংলাদেশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস)।
ঐতিহাসিক ৭ মার্চ এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে আয়োজিত আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, বঙ্গবন্ধু মাটি ও মানুষের নেতা। তাই, তার ভাষণেও মাটি ও মানুষের ভাষা লক্ষ করা যায়। প্রমিত বাংলায় প্রদত্ত সে ভাষণে তিনি তুলে ধরেন শোষণ-বঞ্চনার ইতিহাস, সমসাময়িক হত্যাকান্ডের কথা, রাজনৈতিক দোলাচল এবং বাংলার মানুষের স্বাধীনতা লাভের বাসনা।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোস্তফা সামছুজ্জামান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.