মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদেশের ৩৫০টি নাট্যদলের পরিবেশনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থিয়েটার এগেইনস্ট করোনা’।
লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে স্বল্পব্যয়ে নতুন স্থানে নতুন নাটক মঞ্চায়নের লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এতে ৩ দিনব্যাপী পথ নাটক ‘আভাস’ নিয়ে আসছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অন্যতম নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটার। করোনা কালীন বন্ধ শেষে দীর্ঘ ২৩ মাস পর আবারো পথ নাটকে ফিরছে সংগঠনটি।
মোতাহের হোসেন সোহেলের রচনায় ও আব্দুল বাছিত সাদাফের নির্দেশনায় নাটক ‘আভাস’। এটি দিক থিয়েটারের ৩১তম প্রযোজনা।
মঙ্গলবার (৮ই মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে, বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২ টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে, শনিবার (১২ মার্চ) দুপুর ২টায় পাঠানটুলার গোয়াবাড়ির বিদ্যা সিঁড়ি স্কুলে নাটকটি মঞ্চস্থ হবে।
উল্লেখ্য, ‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৯৯ সালের ১৮ আগস্ট থেকে দিক নাট্য সংঘ নামে যাত্রা শুরু করেছিল দিক থিয়েটার।
সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.