প্রকাশিত: ১১ মার্চ, ২০২২ ১৯:২২ (শনিবার)
ইউক্রেনের ল্যাব থেকে ছড়িয়ে পড়তে পারে উচ্চ ঝুঁকির প্যাথোজেন!

যুদ্ধের ডামাডোলে ইউক্রেনের ল্যাবে থাকা উচ্চ ঝুঁকির প্যাথোজেন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তাই সম্ভব্য ঝুঁকি এড়াতে ল্যাবে থাকা প্যাথোজেন বা জীবাণু ধ্বংস করে ফেলার পরমর্শ দিয়েছে ডাব্লিউএইচও। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে বায়োসিকিউরিটি বিশেষজ্ঞরা জানান, ইউক্রেনে রুশ সামরিক অভিযান এবং দেশটির শহরগুলোতে রাশিয়ার গোলা বর্ষণের কারণে ওইসব ল্যাব ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

বিশ্বের অনেক দেশের মতো ইউক্রেনের ল্যাবগুলোতেও মানুষ ও প্রাণীর মধ্যে ছড়াতে পারে এমন মারাত্মক সব রোগের ঝুঁকি কমাতে গবেষণা চলছে। কোভিড-১৯ নিয়েও পরীক্ষা চলছে দেশটির কয়েকটি ল্যাবে।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ডব্লিউএইচও ইউক্রেনের এসব ল্যাবের কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করে।

রয়টার্সের প্রশ্নের জবাবে ডব্লিউএইচও ইমেইলে জানায়, রাশিয়ার সামরিক অভিযানের অনেক আগে থেকেই ইউক্রেনের ল্যাবগুলোর সঙ্গে কাজ করে আসছে তারা।

‘হঠাৎ করে বা ইচ্ছাকৃতভাবে জীবাণু ছড়ানোর’ ঝুঁকি রোধে সহায়তার জন্য নিরাপত্তা কৌশলগুলো নিয়েও কার্যক্রম চালাচ্ছে ডব্লিউএইচও।

সংস্থাটি জানায়, এই কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ প্যাথোজেনের ‘সম্ভাব্য ছড়িয়ে পড়া’ রোধে তা ধ্বংস করে ফেলতে সুপারিশ করেছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৩