সিলেট জেলা বিএনপির সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী। তাঁর পক্ষ থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে নির্বাচন বোর্ডের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আরিফুল হক চৌধুরী সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। একসময় তিনি নেতৃত্ব দিয়েছেন সিলেট মহানগর থেকে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতেও।
সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী।
আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা বিএনপির বহুল আকাঙ্ক্ষিত কাউন্সিল। এদিন জেলা বিএনপি পড়বে নতুন নেতৃত্বের হাতে। কাউন্সিলরদের গোপন ভোটে নির্বাচিত করা হবে শীর্ষ ৩ পদের নেতাকে।
যদিও সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই ৫ পদে নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু কেন্দ্রের নির্দেশনায় আজ (বৃহস্পতিবার- ১৭ মার্চ) সকালে জেলা বিএনপি সিদ্ধান্ত নেয়- সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই ৩ পদে নির্বাচন হবে। এই ৩ পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল গাফফার সিলেটভিউ-কে জানান, আগামী সোমবার (২১ মার্চ) অনুষ্ঠিতব্য সিলেট জেলা শাখার কাউন্সিলে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আরিফুল হক চৌধুরী, আবুল কাহের চৌধুরী (শামীম) ও আব্দুল কাইয়ুম চৌধুরী।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- আলী আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মো. আব্দুল মান্নান, কামরুল হাসান চৌধুরী শাহীন, আ. ফ. ম. কামাল ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- মো. লোকমান আহমদ, এম মুজিবুর রহমান মুজিব অ্যাডভোকেট, শাকিল মোর্শেদ ও মো. শামীম আহমদ।
মনোনয়নপত্র জমাকালে উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট এ. টি. এম ফয়েজ উদ্দিন, মইনুল হক চৌধুরী, শাহ নুরুল হুদা ও সামিয়া চৌধুরী।
উল্লেখ্য, আগামী ২১ মার্চ সিলেট নগরীর ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলন সফলের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা বিএনপি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.