প্রকাশিত: ২২ মার্চ, ২০২২ ২০:৫০ (শনিবার)
তিন দিনে মাদরাসার ৩ ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

কুমিল্লার বরুড়া উপজেলার একটি মাদরাসার তিন শিশুছাত্রীকে পরপর তিন দিন ধর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একজনই। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নির্যাতিত শিশুদের বয়স ১০ বছরের আশপাশে।

এদের মধ্যে দুই শিশু আপন বোন। ওই শিশুরা উপজেলার ভবানীপুর ইউনিয়নের নরিন্দ মিজবাহুল উলুম ও নূরানী মাদরাসার শিক্ষার্থী বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। গতকাল সোমবার রাতে তিনি বলেন, তিন শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আলী আকবরকে (৫৫) ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের সদস্যরা। আলী আকবর মাদরাসাটির পাশের বাড়ির বাসিন্দা আলী আজমের ছেলে।

সোমবার রাতে ভুক্তভোগীদের স্বজনদের বরাত দিয়ে ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ওই মাদরাসার শিক্ষার্থীরা মাঠে প্রতিদিন বিকেলে খেলাধুলা করে। মাদরাসাটি আলী আকবরের বাড়ি থেকে তিনশ’ গজ দূরে। গত ১৮, ১৯ ও ২০ মার্চ প্রতিদিনের মতো শিশুরা মাঠে খেলতে নামে এবং আকবরের বাড়ির আশপাশে ঘুরতে যায়। এ সময় তাদেরকে চকলেট, ঝাল মুড়ি আর দশ টাকা দেওয়ার কথা বলে নিজ বাড়ির গোয়াল ঘরে নিয়ে যাb আলী আকবর। পরে তাদের ধর্ষণ করা হয়। তিনি বলেন, নির্যাতিত শিশুরা প্রথমে ভয়ে মুখ না খোলায় ওই বৃদ্ধ লম্পট এমন অপকর্ম চালিয়ে গেছেন। তবে ২০ মার্চ রাতে ঘটনাটি জানাজানি হলে আকবর এলাকা থেকে পালিয়ে যান। আমরা ঘটনার সঠিক বিচার দাবি করছি।

ওসি ইকবাল বাহার মজুমদার আরও বলেন, সোমবার এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে ধরতে তৎপরতা শুরু করে। ভুক্তভোগী শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত আলী আকবরকে আটক করা সম্ভব হবে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১০