প্রকাশিত: ২৭ মার্চ, ২০২২ ১৮:৩৩ (শনিবার)
স্কুল শিক্ষিকা ঝর্ণার হত্যাকারীর শাস্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শমশেরনগর চা বাগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় শমশেরনগর চা বাগানের খ্রিস্টান মিশনের সামনে নারী চা শ্রমিক, চা ছাত্র যুব পরিষদ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা অবস্থান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ চা বাগান কর্মচারি পরিষদের কোষাধ্যক্ষ তালুকদার মোন আমিনুর রহমান, পাত্রখোলা চা বাগানের কর্মচারি চম্পক কুর্মী, শমশেরনগর চা বাগানের শ্রমিক ও নারী নেত্রী মনি গোয়ালা ও ছাত্রী বর্ণা চাষা।

বক্তরা বলেন, গত ১৮ মার্চ শ্রীমঙ্গলস্থ নিজ বাসা থেকে রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চা কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ঝর্ণা কুর্মীর লাশ উদ্ধার করা হয়। লাশটির পাগুলো মেঝের সাথে লাগানো ছিল। অথচ গলায় ফাঁস দেওয়া। কোন অবস্থায় এটি ফাঁসে মৃতে্যু হতে পারে না। পুলিশ লাশ উদ্ধারকালে সন্দেহ পোষন করেছে। এ ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার কাকা রাম প্রসাদ কুর্মী বাদি হয়ে এদিনই শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার ব্যাঙ্কার স্বামী সঞ্জয় কুর্মীকে গ্রেফতার করেছে।

তাদের দাবি পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে এখন তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গ্রেফতার স্মামী একজন ব্যাংকার বলে তাকে রক্ষা করতে কেউ না কেউ চেষ্টা করতে পারে তাই মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন বলে জানান আয়োজকদের অন্যতম মনি গোয়ালা।


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৮