প্রতিকী ছবি
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় নিহত তিন শিশুর লাশ দাফন করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) রাত ১১ টায় ভাটেরা শাহী ঈদগাহ মাঠে একই সাথে তিন লাশের জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
এর আগে, শনিবার দুপুর ১টার দিকে ভাটেরার রাবার বাগান এলাকায় মাটিচাপায় তিন শিশু নিহত হন।
নিহতরা হলেন- ভাটেরার পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে সুমন মিয়া (১৫), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (৯)।
তাদের মধ্যে নিহত নাহিদ ও সুমন ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদরাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিল ছাত্র এবং কবির বদরুল নুরুল ইবতেদায়ী মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র।
জানা গেছে, সুমন, নাহিদ ও কবির তারা তিনজন মিলে শনিবার দুপুর ১টার দিকে ভাটেরা রাবার বাগানের একটি টিলার গর্তে পাখির ছানা ধরতে যায়। সকালে বৃষ্টি হওয়ার ফলে টিলার মাটি নরম হয়ে যায়। সেখানে টিলার মাটি ধসে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদেরকে দেখে দ্রুত উদ্ধার করে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিকেলে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামসহ পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ওসি বিনয় ভূষণ রায় জানান, নিহত পরিবারদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
এদিকে সুমন, নাহিদ ও কবিরের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে। তাদের বাড়িতে জড়ো হতে থাকে এলাকার লোকজন। স্বজনদের আহাজাড়িতে শোকে নিঃস্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-৩৮
আইটি ল্যাব সলিউশন্স লি.