প্রকাশিত: ৩০ মার্চ, ২০২২ ২০:১৭ (শনিবার)
ভাইয়ের পরকীয়ার বলি কিশোর সাজিদ

স্ত্রীর সঙ্গে পরকীয়া। বারবার নিষেধের পরেও ফেরেনি। এক পর্যায়ে তিন সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে চলে যান স্ত্রী। এনিয়ে স্ত্রীর প্রেমিকের ওপর জেদের সৃষ্টি হয় আব্দুল হান্নানের।

প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকেন তিনি। অবশেষে পরিকল্পনা করে স্ত্রীর প্রেমিক রবিউল আউয়াল শুভর বাড়ির পাশে মামার বাড়িতে অবস্থান করেন। গভীর রাতে শুভর ঘরে প্রবেশ করে তাকে না পেয়ে ঘুমিয়ে থাকা তার ছোট ভাইকে জবাই করে হত্যা করেন।

মময়নসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুরের রহিমপুর গ্রামে গত শনিবার গভীর রাতে মাহফুজুর রহমান সাজিদ (১৪) নামে এক কিশোর খুন হন। দুদিন পর অভিযুক্ত আব্দুল হান্নান (৪৫) ও আরমানকে (১৯) গ্রেপ্তার করে ডিবি।

আজ বুধবার বিকেলে ময়মনসিংহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতের বিচারক রাজিব আহম্মেদ তালুকদারের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আব্দুল হান্নান। তিনি মামাতো ভাই আরমানকে নিয়ে খুন করেন। ময়মনসিংহ ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, আব্দুল হান্নানের স্ত্রী রুনা বেগমের সম্পর্ক হয় পাশের গ্রামের রবিউল আউয়াল শুভর সঙ্গে। এ বিষয়ে একাধিকবার সালিস ডেকে তাদের সাবধান করা হয়। এক পর্যায়ে তিন সন্তান রেখে শুভর সঙ্গে যান রুনা। এ ঘটনাকে কেন্দ্র করে শুভকে হত্যার পরিকল্পনা করেন আব্দুল হান্নান। তাকে না পেয়ে ছোট ভাই সাজিদকে হত্যা করেন।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৪