সুনামগঞ্জের তাহিরপুরে নজরখালী বাঁধ ভেঙ্গে টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ করে ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে আঞ্চলিক কৃষক সংগঠন হাওর বাঁচাও আন্দোলন।
রবিবার দুপুরে ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বাঁধ ভেঙ্গে হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়া বিষয়ে বাঁধ নির্মাণ ও তদারকিতে থাকা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে দায়ি করেন আন্দোলনকারীরা। সরকার জেলার হাওরের বোরো ফসলের সুরক্ষায় ১২০ কোটি টাকা বরাদ্দ দিলেও অনিয়ম দুর্নীতির কারনে সময় মতো বাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় জেলার শতাধিক হাওরের বোরো ফসল অরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন বক্তারা। বাঁধ ভেঙ্গে ফসল ডুবির দায় সংশ্লিষ্টদের নেয়ার কথা জানিয়ে আগামী বৃহত্তর আন্দোলন ডাক দেয়ার হুশিয়ারী প্রদান করেন সংগঠনের নেতারা।
এসময় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহ সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, ওবায়দুল হক মিলন প্রমুখ।
উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা পানির চাপে গতকাল শনিবার সকালে জেলার তাহিরপুর উপজেলা নজরখালি বাঁধ ভেঙ্গে টাঙ্গুয়ার হাওর সহ সংশ্লিষ্ট কয়েকটি ছোট বড় হাওরের ৪ হাজার হেক্টর জমি তলিয়ে যায়। এছাড়াও মাটিয়ান,শনির হাওরসহ জেলার বেশ কটি হাওরের বাঁধ ঝুঁকিতে রয়েছে।
সিলেটভিউ২৪ডিটকম / শহীদনূর / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.