দুটি কিডনি অকেজো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রূপকের চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের মিউজিক্যাল বিষয়ক সংগঠন ‘নোঙর’।
রবিবার (৩ এপ্রিল) দুপুরে শাবির শিক্ষাভবন ‘ডি’ তে লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এর কাছে এই অর্থ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নোঙরের সভাপতি মাশরাফি বিন মোক্তার অর্ণব।
অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও লোকপ্রশাসন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সামিউল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন- নোঙরের সহ-সভাপতি রিফাত হাসান খান, মোজাক্কির আহমেদ, সাধারণ সম্পাদক হাসিবুল আলম চৌধুরী শান্ত, সহ-সাধারণ সম্পাদক তানভীর রহমান আদিল এবং অন্যান্য সদস্যরা।
নোঙরের সাধারণ সম্পাদক হাসিবুল আলম চৌধুরী শান্ত জানান, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী মুজিুবুর রহমান রূপকের দুটি কিডনি বিকল হয়ে গেছে। তার চিকিৎসার জন্য পঞ্চাশ লাখ টাকা প্রয়োজন। চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে হবে ভারতে। রূপকের পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। রূপকের চিকিৎসার জন্যই সংগঠনের পক্ষ থেকে তিন লাখ টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছে।
শান্ত বলেন, গত মাসের ২৪ তারিখে আমরা রূপকের চিকিৎসার টাকা সংগ্রহ করার জন্য বিশ্ববিদ্যালয়ে 'সিগভিন্সির' নামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করি। কনসার্টে বিক্রিত টিকেট ও দর্শকদের বাড়তি সহযোগিতায় আমরা ৩ লাখ ১হাজার ৬শ টাকা সংগ্রহ করতে পারি। এর সব টাকা রূপকের চিকিৎসা ফান্ডে জমা দেওয়া হয়েছে। চিকিৎসার মাধ্যমে রূপক দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থ হস্তান্তরের বিষয়ে লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম বলেন, নোঙরের সদস্যরা আমাদের কাছে টাকা হস্তান্তর করেছে। রূপকের চিকিৎসা ফান্ডে এই টাকা জমা হবে।
সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.