সিলেটে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে গরু ও ছাগলের গোশত বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন নগরী এলাকার ব্যবসায়ীরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
এ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর গোশত ৬০০ ও ছাগলের গোশত ৮৫০ টাকা নির্ধারিত করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে দামে গুরু বা ছাগল ক্রয় করি সে অনুযায়ী সিসিক নির্ধারিত দামে গোশত বিক্রি করলে আমাদের লোকসান হয়। আমরা গত এক মাস থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসলেও সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দাম ওই ৬০০ ও ৮৫০ টাকাই রেখে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের গোশত বিক্রি বন্ধ করে দিচ্ছি। আমরা লোকসান দিয়ে তো ব্যবসা করতে পারবো না।
তিনি আরও বলেন, সিলেটের বাইরে অন্যান্য স্থানে এ দামের চাইতে বেশি টাকায় গরু ও ছাগলের গোশত বিক্রি করা হয়। আমরা গরু-ছাগল ক্রয় করি সিলেটের বাইরে থেকে। তাই পশুর দাম পড়ে বেশি। আমরা সারাদেশে এক দাম নির্ধারিত করে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও ছাগলের গোশত বিক্রি বন্ধ রাখবেন বলে জানান তারা।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.