দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও সিলেটের মেয়ে ডা. জোবাইদা রহমানের আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ এপ্রিল দিন ঠিক করে দিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করে দেয়।
আদালতে ডা. জোবায়দার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেয় হাইকোর্ট। ওই রায়ে জোবাইদা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।
এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবাইদা রহমান।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক।
পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালে রায় দেয় হাইকোর্ট।
উল্লেখ্য, ডা. জোবায়দা সাবেক মন্ত্রী মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। জোবাইদা ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছিলেন। তার দুই বছর আগে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে বিয়ে হয় জোবাইদার। জরুরি অবস্থায় তারেক গ্রেপ্তার হওয়ার তিনি ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তির পর স্ত্রী-মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর থেকে তারেক-জোবাইদা লন্ডনেই রয়েছেন।
সিলেটভিউ২৪ডিটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.