প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২২ ১৪:২৩ (শনিবার)
তাহিরপুরে তাহেরির ওয়াজ মাহফিলে লাখো জনতার ঢল

সুনামগঞ্জের তাহিরপুরে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিলে লাখো জনতার ঢল নামে। তাকে এক নজর দেখতে এবং তার ওয়াজ শুনতে কয়েক হাজার মানুষ ভিড় করেন ওয়াজ মাহফিল প্রাঙ্গনে।

শুক্রবার (৮ এপ্রিল) রাত ৯ টার দিকে তার সফর সঙ্গী নিয়ে তিনি ওয়াজ প্রাঙ্গনে আসেন। এ সময় তাকে দেখতে এবং ছবি তুলতে এখানে আসা মানুষের টেলাটেলি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে তাহিরপুর থানা পুলিশ হিমশিম খায়। ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত তাহিরপুর থানার ওসি তাহেরীর সঙ্গে থেকে লাখো মানুষের পরিস্থিতি সামাল দেন। তিনি ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় আড়াই ঘন্টা আলোচনা করেন।

জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর চিশতিয়া মঈনিয়া দরবার শরিফে শাহ সুফি মইন উদ্দিন শাহ (রহ.) এর ১৫তম ইসালে উপলক্ষে স্থানীয়দের আয়োজনে ইসলামপুর গ্রামে ওয়াজ করতে আসেন তিনি। শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি ওয়াজ পেশ করেন। এসময় পরো পেন্ডেল লোকে লোকারণ্য হয়ে পড়ে। উপস্থিত জনতা মনযোগ সহকারে তার ওয়াজ শুনেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার জানান, তাহেরী হুজুর বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর চিশতিয়া মঈনিয়া দরবার শরিফে ওয়াজ মাহফিলে এসেছিলেন। তিনি মাহফিলে যাওয়ার পূর্বে থানায় এসে পুলিশের সহযোগিতা এবং নিরাপত্তার জন্য অনুরোধ করেছিলেন। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় তার নিরাপত্তাসহ লাখো জনতাকে শান্ত রাখতে সক্ষম হয়েছে।


সিলেটভিউ২৪ডিটকম / রাজ্জাক / ডি.আর