প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২২ ১৪:১০ (শনিবার)
ট্রেন ধর্মঘট প্রত্যাহার, সিলেটে স্বস্তি

ফাইল ছবি

পুরনো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা বহাল রাখার দা‌বি‌তে সারাদেশে ট্রেন চালানো বন্ধ করে দিয়েছিলেন চালক, কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৩ এপ্রিল) ভোর থেকে শুরু হয় তাদের এ ধর্মঘট। হঠাৎ এমন ধর্মঘটে সিলেটে চরম বিপাকে পড়েন ট্রেনযাত্রীরা।

তবে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রানিং স্টাফদের পুরনো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা বাতিলের নতুন প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর দুপুর ১২টার দিকে চালক-কর্মীরা ঘর্মঘট ছেড়ে কাজে ফেরার ঘোষণা দেন।

জানা যায়, ট্রেন চালকদের দাবি ছিলো- নির্দিষ্ট আট ঘণ্টার বেশি কাজ করলে যে অতিরিক্ত ভাতা (মাইলেজ) দেওয়া হয়, সেটা যেন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা করে পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলের সংস্থাপন কোড অনুযায়ী, রানিং স্টাফরা দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের বেতনের সমপরিমাণ টাকা রানিং ভাতা হিসেবে পাবেন। ভাতার ৭৫ শতাংশ টাকা যোগ হতো পেনশনে। কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে। যা রেল কর্মকর্তাদের ধর্মঘটের মুখে আজ প্রত্যাহারের ঘোষণা দিলেন রেলমন্ত্রী।

ধর্মঘট প্রত্যাহার করতে রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক হয়। বৈঠক শেষ ওই প্রজ্ঞাপন প্রত্যাহারের ব্যাপারে জানানো হয়।

সিলেটভিউ২৪ডিটকম / ডালিম