পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরির সঙ্গে বৈঠক করেছেন।
পালাউর কোরোরে ‘৭ম আওয়ার ওশান কনফারেন্স’-এর দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বৈঠকে জন কেরি জলবায়ুঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উভয় নেতা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ কে আব্দুল মোমেন সমুদ্রসম্পদ ব্যবহারের মাধ্যমে সুনীল অর্থনীতিতে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনার কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
জন কেরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বনায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন–সক্ষমতাসহ বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধি ও প্রশস্তকরণ প্রকল্পে মার্কিন সহায়তার আশ্বাস দেন।
এ সময় সম্মেলনের আলোচ্য বিষয়ের অংশ হিসেবে সমুদ্রদূষণ রোধে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির ব্যাপারেও উভয়ের মধ্যে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ারস ইউনিটের প্রধান মো. খুরশিদ আলম এবং পালাউয়ে সমবর্তী দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সম্মেলনের পাশাপাশি পালাউর পররাষ্ট্রমন্ত্রী গুস্তাভ আইতারোর সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকে দুই দেশের মধ্যে পর্যটন, ওষুধ, তৈরি পোশাকসহ অন্যান্য ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা এবং দুই দেশের মধ্যে সদ্য প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের বিষয়ে তাঁরা আলোচনা করেন।
এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার সকালে সম্মেলনের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.