প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২২ ১৬:৪১ (বৃহস্পতিবার)
ইমাম প্রশিক্ষণ একাডেমিতে মডেল পাঠাগারের কেয়ারটেকারদের কর্মশালা সম্পন্ন

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া বলেছেন, আলোকিত সমাজ বিনির্মাণে মসজিদ ভিত্তিক পাঠাগারের গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, ইসলামি সমাজ ব্যবস্থায় মসজিদ হচ্ছে আধ্যাত্মিক ও সামাজিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র। যুগ যুগ ধরে আমাদের মসজিদগুলোতে জ্ঞানচর্চার তেমন সুযোগ না থাকায় দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ জ্ঞানচর্চা থেকে বঞ্চিত হচ্ছে। সে বিষয়টি বিবেচনা করে সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ ভিত্তিক পাঠাগার স্থাপন করে আসছে।

শনিবার (২৩ এপ্রিল) ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উদ্যোগে জেলা ও উপজেলা মডেল পাঠাগারের কেয়ারটেকারদের চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু ছিদ্দিকুর রহমান।

সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সহকারী পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন।

সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ নজরুল ইসলাম বলেন, জেলা ও উপজেলায় মডেল পাঠাগারগুলো জ্ঞান বিতরণের পাশাপাশি আর্থসামজিক উন্নয়নে সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করছে।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহমদ আজহারী।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪