সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) হত্যা মামলার প্রধান আসামী সুমন মিয়াকে (২৭) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে (সুমন) উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের মৃত নামর মিয়ার পুত্র। আর সুমন গ্রেপ্তারের মধ্য দিয়ে ঘটনার আসল রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নির্দেশনায় ঢাকার বারিধারা এলাকা থেকে থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলামের নেতৃত্বে এসআই রুমেন আহমদ, সৈয়দ ফখরুল ইসলাম, এএসআই হোসাইন আহম্মেদ’সহ একদল পুলিশ সুমনকে গ্রেপ্তার করে।
স্থানীয় সাংবাদিকদের কাছে ছাত্রলীগ কর্মী বাছিত হত্যা মামলার প্রধান সুমন গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার এসআই রুমেন আহমদ।
এরপূর্বে গত ১৯ এপ্রিল (মঙ্গলবার রাতে) একই মামলার দ্বিতীয় আসামী ফারুক মিয়াকে (২৫) মঙ্গলবার রাতে মৌলভীবাজারের বড়লেখা থেকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ। ফারুক উপজেলার টেংরা গ্রামের তোরণ মিয়ার পুত্র।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত নিহত হন। নিহত ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র। ঘটনায় রোববার (১৭ এপ্রিল) নিহত বাছিতের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩ (তাং ১৭.০৪.২২ইং)।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩১
আইটি ল্যাব সলিউশন্স লি.