প্রকাশিত: ১১ মে, ২০২২ ১৯:১৫ (মঙ্গলবার)
সিলেটে হাজার হাজার লিটার সয়াবিন মজুদকারীকে লাখ টাকা জরিমানা

সিলেটে কামাল ব্রাদার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোদাম ও মালিকের বাসা থেকে ৪ হাজার ৭৫৫ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

 

বুধবার (১১ মে) বেলা ২টার দিকে নগরীর কাজীটুলা এলাকার মালিক হিলভিউ কনভেনশন হলের ঠিক পাশের ‘রাবেয়া খাতুন মা মনি’ নামক বাসা এবং স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের পাশের একটি বাসা (গোদাম) থেকে এ বিপুল পরিমাণ উদ্ধার করা হয়। পরে সব তেল ন্যায্যমূল্যে খুচরো ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করে র‍্যাব ও ভোক্তা অধিকার।

 

এছাড়াও অবৈধভাবে মজুদ করে বাড়তি দামে সয়াবিন বিক্রির দায়ে কামাল ব্রাদার্স'র মালিক কামাল হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

 

বিষয়টি ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী-পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ সিলেটভিউ-কে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রাখার খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে এর সত্যতা পাই। জব্দকৃত তেল আগের দামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিক্রি করা হয়।  

 

সয়াবিন তেলের দাম বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে মেতে উঠেছেন ন্যাক্কারজনক প্রতারণায়। আগের দামের কেনা সয়াবিন তেল বিভিন্ন স্থানে মজুদ করে নতুন দামে বিক্রি করছেন তারা। তবে এ অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা ঠেকাতে কাজ করে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলরা রক্ষকারী বিভিন্ন বাহিনী। এরই ধরাবাহিকতায় গত কয়েকদিন ধরে নগরীসহ পুরো সিলেট বিভাগজুড়ে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৯ সূত্র জানায়, নগরীর সবচেয়ে পাইকারি বাজার কালিঘাটের ‘কামাল বাদ্রার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের  মালিক কামাল হোসেন ৪ হাজার ৭৫৫ লিটার সয়াবিন তেল মজুদ করে ক্ষুদ্র দোকানি ব্যবসায়ীরা এবং সাধারণ ক্রেতারাদের 'তেল নাই' বলে জানাতেন।

 

মঙ্গলবার কালিঘাটে অভিযান চালানোর সময় ‘কামাল বাদ্রার্স’ তালাবদ্ধ দেখে সন্দেহ জাগে ভোক্তা অধিদপ্তর ও র‍্যাবের। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুদের বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার কাজিটুলার এ দুটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানের পর সব তেল ন্যায্যমূল্যে খুচরো ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করবে র‍্যাব ও ভোক্তা অধিকার।

 

র‍্যাব জানায়, এই দুটি বাসায় সয়াবিন তেল মজুদ করে রেখেছিলেন কালিঘাটের ব্যবসা প্রতিষ্ঠান ‘কামাল বাদ্রার্স’র মালিক কামাল হোসেন। তিনি সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিতেই এই দুই বাসায় মজুদ করে রাখেন এবং আগের দামের কেনা সয়বিন নতুন দামে বিক্রি করতে থাকেন। মঙ্গলবার কালিঘাটে অভিযান চালানোর সময় ‘কামাল বাদ্রার্স’ দোকানটি তালাবদ্ধ দেখে সন্দেহ জাগে ভোক্তা অধিদপ্তর ও র‍্যাবের। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুদের বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার কাজিটুলার এ দুটি বাসায় অভিযান চালানো হয়।


 
উল্লেখ্য, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ৩৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয় গত ৫ মে। দাম বৃদ্ধিতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা হয়েছে। আর সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ টাকা। আগে এর দাম ছিল প্রায় ৭৬০ টাকা।

 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম