প্রকাশিত: ১৯ মে, ২০২২ ১৫:৩৫ (শনিবার)
আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

কালজয়ী একুশে গানের রচয়িতা, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার লন্ডনের বার্নেট হাসপাতালে স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, “বাংলাদেশের সাংবাদিকতায় আবদুল গাফফার চৌধুরীর অবদান অবিস্মরণীয়। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় এবং আমাদের মুক্তিসংগ্রামের বিভিন্ন পর্যায়ে তাঁর লেখনি বিশেষ করে- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এক অমর সৃষ্টি। এছাড়া মুক্তিযুদ্ধকালীন তাঁর প্রকাশিত পত্রিকা ‘জয় বাংলা’ মুক্তিযোদ্ধাদের যথেষ্ট অনুপ্রেরণা যুগিয়েছে।”

 

আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক কলমযোদ্ধাকে হারিয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি মরহুম আবদুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩