ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যার প্রভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। ফলে খাবার পানির সংকট তীব্রতর হচ্ছে। এই সংকট মোকাবিলায় বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে গোয়াইনঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলায় রবিবার (২২ মে) থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
উপজেলার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা আজাদ মিয়া বলেন, চলতি বন্যায় আমাদের এলাকার গভীর ও অগভীর নলকূপসহ সকল প্রকার নিরাপদ পানির উৎস ডুবে যায়। ফলে বাধ্য হয়ে দূষিত পুকুর ও মাঠের পানি পান করছি। বৃষ্টির পানি সংগ্রহের কোন ব্যাবস্থা নেই। ফলে জলবাহিত রোগ পিছু ছাড়ে না।
গোয়াইনঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ইউনুছ আলী বলেন, এই এলাকায় পানির তীব্র সংকট রয়েছে। যে কারণে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানি সরবরাহ করা হচ্ছে। প্ল্যান্ট থেকে প্রতি ঘণ্টায় ৭০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের ভেতরে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। লেঙ্গুড়া এলাকার গৃহবধূ কুনু বেগম বলেন, আমরা এখন ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানি সংগ্রহ করি। একবার পানি নিয়ে ঘরে সংরক্ষণ করতে হয়। এতে পরবর্তী ২ দিন চলে যায়।
লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, চলতি বন্যায় স্থানীয় ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার প্রভাবে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বর্তমানে পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু সবার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা নেই। ফলে ভোগান্তি থেকেই যাচ্ছে। তারপরও জনগণ কিছুটা স্বস্তি পেয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, আমরা নিরাপদ পানি সংকটের কথা শুনে বিভিন্ন এলাকা পরিদর্শন করি। তারপর ওই এলাকাগুলোতে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম / মতিন / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.