পরকীয়া প্রেমিকের সঙ্গে রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেলে উঠেছিলেন এক নারী (৩৪)। হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রেমিকসহ তাকে ধরে ফেলেছেন স্বামী (৩৬)। মঙ্গলবার (২৪ মে) দুপুরের দিকে নগরীর সাহেববাজার এলাকার আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনালের সামনে এ ঘটনা ঘটে। পরে তিনজনকেই থানায় নিয়ে যায় পুলিশ।
ওই নারী মাদারীপুরের কালকিনি উপজেলার রঘুনন্দি এলাকার বাসিন্দা। তিনি রাজধানী ঢাকায় হাতিল ফার্নিচারের বিক্রয়কর্মী। তার পরকীয়া প্রেমিক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুরের বাসিন্দা। তিনি নাভানা ফার্নিচারের বিক্রয়কর্মী। হাতিল ফার্নিচারে যুক্ত হওয়ার আগে ওই নারী নাভানা ফার্নিচারে যুক্ত ছিলেন। গত রোববার (২২ মে) তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল নাইসের ৫০৩ নম্বর কক্ষে ওঠেন।
ওই নারীর স্বামী ঢাকার একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। আড়াই বছর আগে তাদের বিয়ে। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলে আসছিল তাদের মধ্যে।
ওই নারীর স্বামীর অভিযোগ, একসঙ্গে কাজের সুবাদে সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়ান তার স্ত্রী। বিভিন্ন সময় বান্ধবীর বাড়িতে বেড়ানোর নাম করে গোপন অভিসারে যেতেন তারা। দুদিন আগেও বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে তারা রাজশাহীতে আসেন।
খুঁজতে খুঁজতে ওই নারীর স্বামী রাজশাহীর হোটেল নাইসে পৌঁছান। সেখানে স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমিককে দেখতে পান। দুজনকে ধরে মাঝ রাস্তায় মারপিট শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, হট্টগোলের খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আরএমপি ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই নারী ও তার পরকীয়া প্রেমিককে আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৩
আইটি ল্যাব সলিউশন্স লি.