ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের দহিসারা গ্রামে এক কিশোরীকে পাটক্ষেতে নিয়ে হাত-মুখ বেঁধে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে স্থানীয় ৩ যুবকের বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যায় তাকে বাড়ির পাশের একটি পাটক্ষেতে হাত-মুখ বেঁধে সংঘবদ্ধভাবে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ওই ভুক্তভোগী কিশোরী (১৭)।
পরে কিশোরীর পরিবার ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর বাবা শনিবার রাতেই নগরকান্দা থানায় বিষয়টি জানিয়েছেন।
কিশোরীর পরিবার জানায়, দহিসারা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে নাফিজ মোল্লা (২০), দেলোয়ার মোল্লার ছেলে শাওন মোল্লা (১৮) এবং ওয়াদুত মুন্সির নাতি ও পার্শ্ববর্তী সালথা উপজেলার বল্লোভদি গ্রামের মন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা (২০) কিশোরীকে বেশ কিছু দিন ধরে নানাভাবে বিরক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক হাত-মুখ বেঁধে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে তারা। এ ঘটনায় অভিযুক্তদের কঠিন শাস্তি দাবি করেন কিশোরীর পরিবার।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার শনিবার রাতে থানায় এসে বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটি এখন ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, অপরাধী যেই হোক না কেন পুলিশ তাদের আইনের আওতায় আনবে। এ ঘটনায় অভিযুক্ত কেউ ছাড় পাবে না।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.