প্রকাশিত: ১০ জুন, ২০২২ ২১:২২ (বুধবার)
মহানবী সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল বড়লেখা 

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছেন মৌলভীবাজারের বড়লেখার ধর্মপ্রাণ মুসলিমরা। শুক্রবার বাদ জুমা উপজেলার বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মিছিলে বিজেপি নেত্রী নুপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক দিগেন্দ্র চন্দ্র দেবনাথের শাস্তির দাবি জানানো হয়েছে। বাদ জুমা বড়লেখা বড় মসজিদের সামনে মুসল্লীদের পক্ষ থেকে বের করা মিছিলে প্রকম্পিত ছিল রাজপথ। 

পৌরশহরের বড় মসজিদ সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে ও কাজী ফয়সল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন  মাওলানা কাজী এনামুল হক, মাওলানা ইয়াহিয়া, মাওলানা সাদিক আহমদ, মাওলানা আবিদ আহমদ, মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা এম আতিকুর রহমান প্রমুখ। এছাড়া উপজেলা কাঠালতলী ও দক্ষিণভাগসহ বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 

সমাবেশে বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল এবং নুপুর শর্মাকে সমর্থন করে স্ট্যাটাস দেওয়ায় বড়লেখা সরকারি কলেজের শিক্ষক দিগেন্দ্র চন্দ্র দেবনাথকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানান। 
 
প্রসঙ্গত, বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক দিগেন্দ্র চন্দ্র দেবনাথ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে নুপুর শর্মার স্ট্যাটাসকে সমর্থন করে মন্তব্যের পরই তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। অবশ্য পরে তিনি নিজের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে দাবি করে ক্ষমা চেয়েছেন। শুক্রবার দুপুরে বড়লেখা সরকারি কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। 

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসনে সরদার জানান, এ বিষয়ে কলজে শিক্ষক বা অন্য কেউ থানায় কোনো অভিযোগ করেনি। ওই সহকারি অধ্যাপকের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে বলে তিনি শুনেছেন। 

বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জায়েদ আহমদ জানান, তার কলেজের সহকারি অধ্যাপক দিগেন্দ্র চন্দ্র দেবনাথের ফেসবুক আইডির অনাকাঙ্খিত স্ট্যাটাসের বিষয়টি কলেজ কর্তৃপক্ষের দৃষ্টিগোছর হয়েছে। তাৎক্ষণিক তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে কলেজ কর্তৃপক্ষ দৃঢ প্রতিজ্ঞ।    


সিলেটভিউ২৪ডটকম/লাভলু