প্রকাশিত: ১৩ জুন, ২০২২ ০০:৩৬ (শনিবার)
পদ্মা সেতুর উদ্বোধনে দাওয়াত পাচ্ছেন খালেদা-ড. ইউনূস?

প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ড. মুহম্মদ ইউনূস ও খালেদা জিয়াসহ সবাইকে আমন্ত্রণ জানানো হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


রবিবার (১২ জুন) বিকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এসময় সাংবাদিকরা তার সঙ্গে ছিলেন।


ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা রয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ আমন্ত্রণ ছাপার কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।


পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল ও ববিসহ গোটা পরিবারকে অপমানিত করল। শেখ হাসিনা সেদিন বলেছিলেন, ‘আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করব।’ আমরা কিন্তু করেছি।’


সড়ক মন্ত্রী বলেন, ‘সেদিন অনেকে প্রশ্ন তুলেছিলেন কীভাবে সম্ভব? অনেকে আমাকে বলেছে, তুমি এই বুদ্ধি দিচ্ছো, এটা হবে কোনো দিন? আমরাও পারি, সেটা তিনি (শেখ হাসিনা) প্রমাণ করেছেন।’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যত সমালোচনা হয়েছে, আমাদের মনোবল আরও দৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। বিশ্বব্যাংক পরে বলেছে, আমাদের ভুল হয়েছে। সব ক্রেডিট শেখ হাসিনার। আমরা তার আদেশ পালন করেছি মাত্র। তিনি সেতু নির্মাণ করেছেন, বিশ্বকে জানিয়েছেন আমরা বীরের জাতি। আমরা দুর্নীতি করি না।’


মন্ত্রী বলেন, ‘টোল আর টাকার কথা যারা বলেন, পুরো সংসদ চেয়েছে, এই সেতু শেখ হাসিনার নামে হোক। আমি দাবি তুলেছি, সামারিও লিখেছিলাম। তিনি নাকচ করে দিয়ে পদ্মা সেতুই রেখেছেন।’


সিলেটভিউ২৪ডটকম/পিডি