সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে এবার সকল কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বিয়ানীবাজার পৌরসভাবাসী এই প্রথমবারের মতো ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএম সম্পর্কে খুব ভালো ধারণা নেই প্রার্থীদেরও। তাই ইলেক্ট্রনিক এই পদ্ধতিতে ভোট নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে একধরনের অস্বস্তি কাজ করছে। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন, ইভিএমে ভোট প্রদান খুবই সহজ।
আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯টি ওয়ার্ডের সবকটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রযুক্তির মাধ্যমে ভোটদানের সাথে পরিচিত হবেন পৌরসভার ২৭ হাজার ৭৯৩ জন ভোটার।
ইভিএমের সাথে পরিচয় করিয়ে দিতে সোমবার ‘মক ভোট’র আয়োজন করে নির্বাচন কমিশন। কিন্তু এর আগে কখনো বিয়ানীবাজার পৌরসভার ভোটাররা ইভিএমে ভোট না দেয়ায় তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, অভিজ্ঞতা না থাকায় ভোট দেয়ার প্রক্রিয়া কেমন হবে, এ নিয়ে চিন্তিত স্থানীয় ভোটাররা। ভোট পছন্দের প্রার্থীকে দেয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কা আছে। যারা ইভিএম নিয়ন্ত্রণ করবে তারা কতটুকু নিরপেক্ষ থাকবেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে অনেক ভোটারের।
তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই বলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বিয়ানীবাজার পৌরবাসীকে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
স্থানীয় নির্বাচন কার্যালয় ইভিএম ভোট গ্রহণের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ভোটগ্রহণের আগে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের জন্য ইভিএম পদ্ধতি নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
দুইদিনব্যাপী উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে কর্মশালায় আড়াইশ জনের মতো কর্মকর্তা প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ইভিএমে ভোট দেওয়া খুব সহজ। এ ব্যাপারে আমরা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দিয়েছি। কিছু সাধারণ ভোটারদের আগে থেকে ভোট দেওয়ার পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে। কোনো কারণে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিকল্প ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.