হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। মানুষের ধাওয়া খেয়ে হরিণটি পুকুরে পড়ে গেলে সেটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার ফাটাবিল এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। প্রাপ্ত বয়স্ক ওই হরিণটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। যে কারণে সেটি উঠে দাঁড়াতে পারছে না।
স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী আব্দুর রাজ্জাক রাজু বলেন, একটি মায়া হরিণ আজ সকালে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে। পরে কয়েকজন হরিণটিকে ধরার জন্য ধাওয়া দিলে সেটি দৌঁড়ে গিয়ে চেগানগর মসজিদের পুকুরের পানিতে পড়ে। এ সময় সৌদিআরব প্রবাসী মাখন মিয়া এবং তার স্ত্রী স্কুল শিক্ষিকা ফজলুন নেহার ডলি হরিণটি উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে রাখেন। পরে হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বন কর্মকর্তা মাজহরুল ইসলাম বলেন, এটি একটি প্রাপ্ত বয়স্ক হরিণ। বয়স ৭-৮ বছর হতে পারে। হরিণটি দৌঁড়ানোর সময় মুখে ও পায়ে আঘাত পেয়েছে। চিকিৎসা দিয়ে সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পর সেটিকে বনে অবমুক্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, বন্যপ্রাণীটি যারা রক্ষা করেছেন তাদের ধন্যবাদ জানাই। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত হরিণটি অবমুক্ত করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.