প্রকাশিত: ২৭ জুন, ২০২২ ০০:৫৮ (মঙ্গলবার)
জগন্নাথপুরে বিদ্যুতের তারে ঝুলছিল ব্যবসায়ীর নিথর দেহ!

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে এক কাঁঠাল ব্যবসায়ী বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরন করেছেন।

রোববার (২৬ জুন) বিকেলে জগন্নাথপুর বাজারের ইসলামি পাঠাগার মসজিদ মার্কেটের নির্মানাধীন দ্বিতীয়তলায় ট্রিপলের রশি টানানোর কাজ করছিলেন  আতাউর রহমান আতা (৪৮) নামের ওই ব্যবসায়ী। তখন অসাবধানতাবশতঃ ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলে মারা যান ওই ব্যবসায়ী।

নিহত ব্যবসায়ী জগন্নাথপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের  জগন্নাথপুর নোওয়াহাটি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন জগন্নাথপুর বাজারে কাঁঠাল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের  প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ব্যবসায়ীরা জানান, জগন্নাথপুর বাজারের কাঁঠালবাজারে বন্যার পানি উঠায় ব্যবসায়ীরা ওই মার্কেটের সামনের সড়কে বসে কাঁঠাল বিক্রি করছিলেন। রোদের কারনে ত্রিপল টানাতে গিয়ে আতাবুর রহমান আতা ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলে মারা যান।

জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী  আজিজুল ইসলাম বলেন, ‘পৌর শহরের ওপর দিয়ে বিদুতের ১১ হাজার কেভি সংযোগ লাইন গেছে। অসাবধানতাবশতঃ বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মারা গেছেন। আমরা খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি।’

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

সিলেটভিউ২৪ডটকম/পিডি