প্রকাশিত: ০৭ জুলাই, ২০২২ ২১:৩৭ (শনিবার)
নেহারুনের বিধ্বস্ত গৃহে ঈদ উদযাপনের স্বপ্ন দেখালেন মন্ত্রী ইমরান

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর স্থানীয় ভারি বর্ষণে সৃষ্ট স্মরণ কালের ভয়াবহ বন্যার স্রোতে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার বসতঘর। বানের জলে ভেসে গেছে কয়েক শতাধিক বসতঘরের আসবাবপত্র ও গবাদিপশু।

 

বানভাসি মানুষগুলো এখন ‘চোখে অন্ধকার’ দেখছেন। 

 

গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এমনই একটি পরিবার হলো নন্দিরগাওঁ ইউনিয়নের সালুটিকরস্থ করেরগাওঁ গ্রামের আসাদুল মিয়ার পরিবার। 

 

আসাদুল মিয়ার স্ত্রী নেহারুন বেগম জানান, তার এক প্রতিবন্ধী ছেলেসহ পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। স্বামী দিনমজুর টানাপোড়নের মাঝে অনেক কষ্টে তাদের সংসার চলছিলো। কিন্তু স্মরণ কালের ভয়াবহ বন্যায় (১৬ জুন) তলিয়ে যায় তাদের বসতঘর। বন্যার পানিতে ঘরটি তলিয়ে যাওয়ার ঘণ্টা খানেক সময়ের মধ্যে ঘরটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। ফলে উপায়ন্তর না দেখে চার সন্তান নিয়ে পার্শ্ববর্তী গ্রামে অসহায় পিতার বাড়ীতে আশ্রয় নিয়েছিলেন তারা৷ পানিঘেরা কাঁচা ঘরখানা ভেঙে যাওয়ায় এতদিন সন্তানদের নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে ছিলেন। 

 

বৃহস্পতিবার (৭ জুলাই) সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলসহ দলীয় নেতাকর্মী নিয়ে সালুটিকরস্থ করেরগাওঁ গ্রামে আসাদুল মিয়ার বাড়িতে এসেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। 

 

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আসাদুল মিয়ার ঘর মেরামতের জন্য ১০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন। কিন্তু আসাদুল মিয়ার বিধ্বস্ত ঘরটি দেখে মন্ত্রী ইমরান তার ব্যক্তিগত তহবিল থেকে সম্পূর্ণ নতুন ঘর নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

এসময় মন্ত্রী গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলকে বলেন, পবিত্র ঈদুল আযহার দিন আসাদুলের নতুন ঘরে আপনারা সেমাই খাওয়ার ব্যবস্থা করতে হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএএম/জেপি-০৯