প্রকাশিত: ০৯ জুলাই, ২০২২ ১৫:০৮ (শনিবার)
এবার বন্যায় সিলেটে সরকারের পক্ষ থেকে অভাবনীয় সাহায্য এসেছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে দীর্ঘদিন কোনো নদী সংষ্কার হচ্ছে না। পানি নিস্কাশনের ব্যবস্থা নেই। এক সময় সিলেট দিঘীর শহর ছিলো, চারপাশে পুকুর ছিল। কিন্তু আজ সেসব কিছুই নেই। শুধু বিল্ডিং আর বিল্ডিং। যত জলাশয় ছিল, দখল হয়ে গেছে। সাগরদিঘীতে এক ফুটা পানিও নেই। এসব কারণেই তো এতো বড় বন্যা দেখা দিয়েছে।

শনিবার (৯ জুলাই) সকালে সদর উপজেলার নয়াবাজারে সিলেট জেলা যুবলীগের উদ্যােগে বন্যাকবলিম মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৬ জুন রাতে স্থানীয় একজন চেয়ারম্যান রাত ৩টার দিকে আমাকে বন্যার ছবি দিয়েছেন। দেখলাম, আমার সিলেট পানির নিচে তলিয়ে যাচ্ছে। তখনই ত্রাণ ও দুর্যোগমন্ত্রীকে ফোন দিলাম, বললাম- আমার সিলেট শেষ। তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন। দুর্যোগমন্ত্রী বললেন- চিন্তার কোনো কারণ নেই। প্রয়োজনীয় খাবার, টাকা-পয়সা আছে। যা লাগবে বলবেন।

মানুষজনকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলাম। প্রধানমন্ত্রী নৌকার ব্যবস্থা করে দিলেন। সেনাবাহিনী পাঠিয়ে মানুষকে উদ্ধার করার ব্যবস্থা করলেন। এবারের বন্যায় সিলেটে সরকারের পক্ষ থেকে যা সাহায্য এসেছে তা আর কখনও আসেনি।

জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা লিমন আহমদ, সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, ইউনিয়ন আওয়্মী লীগের সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক মানিক মিয়া, উপজেলা স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক যুবলীগ নেতা ইকলাল আহমদ ও জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর প্রমুখ।  


সিলেটভিউ২৪ডটকম / ডালিম