প্রকাশিত: ১১ জুলাই, ২০২২ ১৭:৩৭ (শনিবার)
প্রকৃতপক্ষে বিএনপিই হচ্ছে দুঃশাসনের প্রতীভূ: ওবায়দুল কাদের

বিএনপির সুশাসন মানে বিদ্যুৎহীন খাম্বা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

সোমবার (১১ জুলাই) তার বাসভবনে ব্রিফিংয়ে পবিত্র ঈদের দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

 

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ যখন আনন্দমুখর পরিবেশে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করছে, তখন বিএনপির মিথ্যাচার আর বিদ্বেষপ্রসূত বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে। পবিত্র ঈদের দিনে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য এবং পরশ্রীকাতর রাজনীতির পরিচয় স্পষ্ট করেছে। বিএনপি যে মানুষের আনন্দ-বেদনার সঙ্গে একাত্ম হতে পারে না তার প্রমাণ পবিত্র ঈদের দিনে তাদের মিথ্যাচার এবং বিষোদগার। বিএনপি নেতাদের এসব অপালাপ ক্ষমতার প্রতি তীব্র হাহাকারের দীর্ঘশ্বাস।

 

তিনি বলেন, সুশাসনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দায়িত্বশীল বিরোধী দল। বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উস্কানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধ গোষ্ঠীরও উস্কানিদাতা।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মর্মান্তিক গ্রেনেড হামলার পরিকল্পনাকারী বিএনপি, এদেশের রাজনীতিতে সন্ত্রাস, দুর্নীতি, জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা যাদের ঐতিহ্য এবং নিয়মিত চর্চার অংশ তাদের মুখে সুশাসনের কথা মানায় না। এসব কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। প্রকৃতপক্ষে বিএনপিই হচ্ছে দুঃশাসনের প্রতীভূ, গণতন্ত্র বিনাশী এক রাজনৈতিক অপশক্তি।

 

তিনি বলেন, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বিএনপির সময়ে দেখানো তথাকথিত সুশাসন মানে জনগণের কণ্ঠরোধ, ভোটারবিহীন নির্বাচন, ভোটাধিকার হরণ। তাদের সুশাসন মানে বিদ্যুৎহীন খাম্বা, সার আর বিদ্যুতের জন্য মানুষ হত্যা, বিদেশে অর্থ পাচার, সংখ্যালঘু নির্যাতন।

 

ওবায়দুল কাদের বলেন, বিদ্যুৎ খাতের ইনডেমনিটির কথা বলার আগে বিএনপি কি ভুলে গেছে- তারাই বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার জন্য ইনডেমনিটি দিয়েছিল। অপারেশন ক্লিন হার্টের সময় বেগম খালেদা জিয়াও ইনডেমনিটি দিয়েছিলেন। বিএনপির ইনডেমনিটি খুনিদের রক্ষা করার জন্য, আর শেখ হাসিনা সরকার ইনডেমনিটি দিয়েছে উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে, জনগণের কল্যাণে।

 

তিনি বলেন, বিএনপি দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল আর শেখ হাসিনা সরকার সে অন্ধকার থেকে দেশকে আলোকিত করেছে‌। বিএনপিই এদেশে চিহ্নিত লুটেরা এবং অর্থপাচারকারী দল। বিদেশের আদালত প্রমাণিত সন্ত্রাসী দল বিএনপি। তারাই চায় এদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক। কিন্তু দেশের জনগণ তা হতে দেবে না।

 

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। বিএনপি তার দেশি-বিদেশি দোসরদের নিয়ে যত অপচেষ্টাই করুক, যত ষড়যন্ত্রই করুক এদেশকে আর কখনো দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে রোধ করতে পারবে না।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯