প্রকাশিত: ১৩ জুলাই, ২০২২ ০০:৪৬ (শনিবার)
ইংলিশদের বিপক্ষে ভারতের রেকর্ড জয়

ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করল জস বাটলারের ইংল্যান্ড। ভারতের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে তারা। স্বাগতিকদের দেওয়া ১১১ রানের লক্ষ্য ১৮৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে রোহিত শর্মার ভারত।

ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে যশপ্রীত বুমরার তোপে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১০ রানেই, ২৫.২ ওভারের মধ্যেই। ভারত ১০ উইকেটের জয় পেয়েছে ১৮৮ বল বাকি রেখে, ইংল্যান্ডের বিপক্ষে যেটি রেকর্ড তাদের। এর আগে কখনো ইংল্যান্ডকে ১০ উইকেটে হারায়নি ভারত।

টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। এরপর শুরু সফরকারীদের ধ্বংসযজ্ঞ। প্রথম ৬ ব্যাটসম্যানের ৪ জনই ফিরেছেন রানের খাতা খোলার আগেই, টেস্ট অধিনায়ক বেন স্টোকস তো প্রথম বলেই ফিরেছেন প্যাভিলিয়নে।

বিধ্বংসী বোলিংয়ে ইংলিশদের কোমর ভেঙে দিয়েছেন জশপ্রীত বুমরাহ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন এই পেসার। তার বোলিং তোপেই ২৫.২ ওভারে ১১০ রান গুঁটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের এটিই সর্বনিম্ন স্কোর।

১১১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮.৪ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে ভারত। অধিনায়ক রোহিত শর্মার ৭ চার ও ৫ ছয়ে সাজানো ৫৮ বলে ৭৬ এবং শিখর ধাওয়ানের ৫৪ বলে ৩১ রানের ধীরস্থির ইনিংসে ভর করে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ১৪ এবং ১৬ জুলাই সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে লর্ডস এবং ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/পিডি