জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি একটি বিবৃতিতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় হিন্দুদের ঘরবাড়ি-মন্দির-দোকানপাটে হামলা-ভাংচুর-আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
তারা ঘটনার সাথে জড়িত সাম্প্রদায়িক হামলাকারী অপরাধীদের মুখ না দেখে, দল না দেখে অবিলম্বে গ্রেফতার ও বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তারা বিবৃতিতে বলেন, অতীতে হিন্দুদের উপর হামলা-নির্যাতন-খুন-ঘর-বাড়ি-দোকানপাট-মন্দিরে হামলার সাথে জড়িত অভিযুক্তদের বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারের ব্যর্থতার কারণে বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ফলে হিন্দুদের উপর হামলাকারীরা নিজেদের বিচারের উর্ধে ভাবতে শুরু করেছে। তারা বিচারহীনতার এই সংস্কৃতির অবসান দাবি করেন।
তারা বলেন, একজন ব্যক্তি মুসলিম বা হিন্দু বা বৌদ্ধ বা খ্রীস্টানের ফেসবুক পোস্ট দ্বারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের খোড়া যুক্তি তুলে ধর্মীয় উত্তেজনা তৈরি করে উস্কানি দিয়ে একটি বিশেষ সম্পদ্রায়ের উপর নির্বিচারে হামলার ঘটনা সংঘবদ্ধ পরিকল্পিত অপরাধ।
তারা হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.