প্রকাশিত: ১৮ জুলাই, ২০২২ ১৩:২২ (শনিবার)
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা বই পাবে ২৪ তারিখের মধ্যে: সিলেটে শিক্ষামন্ত্রী

সিলেট অঞ্চলে সাম্প্রতিক বন্যায় যেসব শিক্ষার্থীর বই নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদেরকে নতুন করে বই দেওয়া হবে। চলতি মাসের ২৪ তারিখের মধ্যে সেসব শিক্ষার্থীর হাতে বই পৌঁছিয়ে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

আজ সোমবার সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা অ্যাসেসমেন্ট করেছি, কতোজন শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে বা হারিয়ে গেছে। সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন অঞ্চল থেকে বইগুলো নিয়ে এসে দেওয়ার ব্যবস্থা করেছি। এই মাসের ২৪ তারিখের মধ্যে আমাদের সকল এসএসসি পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। এসএসসি ছাড়াওতো অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরা আছে, তাদের হাতেও বই পৌঁছে যাবে।’

মন্ত্রী বলেন, করোনার কারণে যে লার্নিং গ্যাপটা হয়েছে, সেটা পূরণের জন্য আমরা গবেষণা করে বের করেছি যে কোথায় কোথায় সমস্যা আছে। সেটার একটা পূর্ণ একটা পরিকল্পনা করে রেমেডিয়াল ক্লাসের পরিকল্পনা হয়তো আমরা এক সপ্তাহ-দশদিনের মধ্যে প্রকাশ করবো। তেমনি পরীক্ষার্থী যারা, বিশেষ করে বন্যা উপদ্রুত এলাকায় পরীক্ষার্থী যারা একটু হয়তো পিছিয়ে পড়েছে। শিক্ষকরা সহযোগিতা করলে তাদের জন্য সুবিধাজনক হবে।

দীপু মনি বলেন, ‘সিলেটের নেতৃবৃন্দের কাছে শুনলাম, প্রায় ১২০ বছরের মধ্যে বোধহয় এটা একটা ভয়াবহ বন্যা। হঠাৎ করেই হয়েছে। বহুকিছু, বহু সম্পদ রক্ষা করা যায়নি। এই বন্যার মধ্যে আমাদের পড়াশোনা বন্ধ রাখতে হয়েছে, আমাদের পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছে। যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যতো কম সময়ে পারি...এখানে আমাদের শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আছেন...সেগুলোর একটা অ্যাসেসমেন্ট করে আমাদের কাছে দ্রুত পাঠাবেন। দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কারকাজ করতে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাচ্ছে, এখনও অনেকেই আশ্রয়কেন্দ্রে আছেন। সবাই আশা করছেন, তারা দ্রুত ফিরে যাবেন। আমরা যেন দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারি, সেটার চেষ্টা করতে হবে। তার আগে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের আসার জন্য প্রস্তুত করতে হবে।’

মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে