প্রকাশিত: ১৮ জুলাই, ২০২২ ১৮:২৭ (শনিবার)
বঙ্গমাতা পদক পাচ্ছেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক

সিলেটের নারীনেত্রী, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দা জেবুন্নেছা হক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকে ভূষিত হয়েছেন। তাঁকে আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে এ পদক দেওয়া হবে।

 

জানা যায়, ২০২১ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক চালু করা হয়। বিভিন্ন ক্ষেত্রে নারীরা অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদকে ভূষিত হয়ে আসছেন। এ বছর দ্বিতীয়বার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক দেওয়া হচ্ছে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরুপ ৫ জন বিশিষ্ট নারী পাচ্ছেন এই পদক।

 

তাদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক রয়েছেন। রাজনীতি করতে গিয়ে বার বার নির্যাতনের শিকার ও জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত হওয়া সিলেটের এই নারীনেত্রীকে এ বছর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২- এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হকের সহধর্মী। তার ছেলে শসসের জামালও সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।

 

জানা গেছে, সম্প্রতি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি বৈঠক করে পদকপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে। এর আগে, এ পদকের জন্য একটি নীতিমালা তৈরি করা হয়। নীতিমালা অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

 

পত্রিকায় প্রকাশের পর সর্বমোট ১১৬টি আবেদন পাওয়া যায়। এরপর গত ১ জুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।  

 

সভায় আবেদন যাচাই-বাছাইয়ের পর পুরস্কারের জন্য প্রাথমিকভাবে আটজনের নাম সুপারিশ করা হয়। সুপারিশ করা নামের মধ্য থেকে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি পাঁচজনকে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, বলে সূত্রে জানা গেছে।

 

রাজনীতিতে অবদানের জন্য সৈয়দা জেবুন্নেছা হক ছাড়াও এ বছর পদক পাচ্ছেন অর্থনীতিতে সেলিমা আহমাদ এমপি, শিক্ষায় অধ্যাপক নাসরিন আহমাদ, সমাজসেবায় মোছা. আছিয়া আলম ও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য।  

 

পদকপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত পদক, পদকের একটি রেপ্লিকা, চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেপি