করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটসহ সারাদেশে আজ মঙ্গলবার বুস্টার ডোজ দিবস পালন করছে স্বাস্থ্য অধিদপ্তর। এ দিন সারাদেশে (দ্বিতীয় ডোজ ও বুস্টারসহ) ৭৫ লাখ মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ ৬ লাখ ২০ হাজার মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। তন্মধ্যে সিলেট জেলা ও মহানগরে ১ লাখ ১০ হাজার, সুনামগঞ্জে ১ লাখ ৩৭ হাজার ৬০০, মৌলভীবাজারে ১ লাখ ১৬ হাজার ও হবিগঞ্জ জেলায় ১ লাখ ২৯ হাজার টিকা প্রদান করতে চান সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলার ওয়ার্ড পর্যায়েও টিকা প্রদান করা হচ্ছে। যারা চার মাস আগে দুই ডোজ টিকা নিয়েছেন, তারা টিকা কার্ড নিয়ে যেকোনো কেন্দ্রে গেলে বুস্টার ডোজ পাবেন। সবাইকে ফাইজারের টিকা বুস্টার হিসেবে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন বলেন, সিসিক এলাকায় ২৭টি ওয়ার্ডে ৪৯টি কেন্দ্রে এবং বর্ধিত এলাকাসমূহে আরও ৬টি কেন্দ্রসহ ৫৫টি কেন্দ্রে বুস্টার ডোজ কার্যক্রম চলছে। নগরীতে ১৬ মানুষকে বুস্টার ডোজের লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, বিভাগের ৬ লক্ষাধিক মানুষকে বুস্টারের আওতায় আনতে চাই আমরা। এ লক্ষ্যে বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.