সিলেট অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। একইসাথে হতে পারে বজ্রবৃষ্টিও। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এমন আভাসই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানায়, সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টার মধ্যে সিলেটে ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়, ৮৩ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) সক্রিয়তা বাড়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের পর উত্তরাঞ্চলেও বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.