ছবি- মোজাম্মেল হক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) খুনের ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামীর মধ্যে আবুল হোসেন নামের একজনকে আদালতে তোলা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বিকাল পৌণে ৫ টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সুমন ভূঁইয়ার আদালতে তাকে তোলা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান। তিনি বলেন, ‘আসামীদের মধ্যে আবুল হোসেন নামের একজনকে আদালতে তোলা হয়েছে। সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে।’
আবুল হোসেন (১৯) শাবির পেছনের টিলাগাঁওয়ের আনিছ আলীর ছেলে। সে ছাড়াও আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্য দুজন হলেন- শাবির পেছনের টিলাগাঁওয়ের মো. গোলাব আহমদের ছেলে কামরুল আহমদ (২৯), একই গ্রামের মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯)।
এরআগে- গত সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজীকালুর টিলার পাশে (নিউজিল্যান্ড এলাকায়) ছুরিকাঘাত করা হয় শাবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে (২২)। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি শাবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।
এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
এদিকে- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিলেটভিউ২৪ডটকম/মোজাম্মেল/জেপি
আইটি ল্যাব সলিউশন্স লি.